সিটিজি নিউজ টুডে : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ২ নম্বর বারশত ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বোয়ালিয়া গ্রামের পুরাতন মাদরাসা বড়বাড়ি এলাকার একটি বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট এ অগ্নিকাণ্ডে ওই এলাকার মৃত সোলায়মানের ছেলে ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মো. আবুল কামাল ছাড়াও পার্শ্ববর্তী আবছারের ঘরও আংশিকভাবে পুড়ে যায়।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, মসজিদের মাইকে আগুন লাগার ঘোষণা শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে টিনের চাল খুলে পাইপ ও বালতির সাহায্যে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এ ঘটনায় প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আনোয়ারা ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. আব্দুল্লাহ জানান, সকাল ৬টা ৫ মিনিটে খবর পেয়ে ৬টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান তারা। তবে তার আগেই স্থানীয়রা আগুন অনেকাংশে নিয়ন্ত্রণে আনেন।
তিনি জানান, প্রায় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



