বন্দরনগরী চট্টগ্রামে আবারও শুরু হয়েছে রাতের আঁধারে যানবাহনে অগ্নিসংযোগের তাণ্ডব। নগরের পৃথক দুটি এলাকায় দাঁড়িয়ে থাকা দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত শেষ রাত ও মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে নিউ মনসুরাবাদ এবং সাগরিকা এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুড়ে যাওয়া বাস দুটি ‘নিহাল এন্টারপ্রাইজ’ নামের একটি পরিবহন সংস্থার। প্রতিষ্ঠানটির বাসগুলো মূলত তৈরি পোশাক কারখানার (গার্মেন্টস) শ্রমিক পরিবহনে ব্যবহৃত হতো।
তবে স্বস্তির বিষয়-অগ্নিসংযোগের সময় বাস দুটিতে কোনো যাত্রী, চালক বা সহকারী ছিলেন না। ফলে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম নিয়ন্ত্রণকক্ষ সূত্র জানায়, সোমবার দিবাগত রাত পৌনে চারটার দিকে নগরের নিউ মনসুরাবাদ এলাকায় প্রথম ঘটনাটি ঘটে।
দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন জ্বলে উঠলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার ভোর ঠিক পাঁচটার দিকে সাগরিকার শফি মোটরস এলাকায় একই প্রতিষ্ঠানের আরেকটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন সম্পূর্ণ নেভান।
সাগরিকা এলাকায় বাসে অগ্নিসংযোগের খবর নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার।
তিনি বলেন, পোশাক কারখানার শ্রমিক পরিবহনে নিয়োজিত একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।
আমরা ইতিমধ্যেই আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ শুরু করেছি। সহিংসতার পেছনে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
তবে নিউ মনসুরাবাদে বাসে আগুন দেওয়ার স্থানটি পাহাড়তলী থানার আওতাধীন নয় বলে জানান ওসি নুরুল আবছার। এটি পার্শ্ববর্তী আকবর শাহ থানার অধীন বলে উল্লেখ করেন তিনি।
অন্যদিকে, আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজের হোসেনের দাবি, তাঁর থানা এলাকায় বাসে আগুন দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি।
নগরবাসীর মনে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে পর পর কয়েকটি অগ্নিকাণ্ড ও ককটেল বিস্ফোরণের ঘটনা। এর আগে গত রোববার রাতে নগরের কালুরঘাট এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
একই রাতে নগরের ব্যস্ততম নিউমার্কেট এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। একটার পর একটা বাসে আগুন এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় নগরজুড়ে থমথমে পরিস্থিতি ও উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


