back to top

দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রীর স্ত্রীর গাড়িচালক গ্রেপ্তার

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫:০২

সিটিজি নিউজ টুডে : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকা থেকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের স্ত্রী রুকমিলা জামানের ব্যক্তিগত গাড়িচালক ইলিয়াস তালুকদারকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে কর্ণফুলী উপজেলার ফকিরা মসজিদ এলাকার তালুকদার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সামিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইলিয়াস তালুকদারকে গ্রেপ্তার করে।

তিনি শিকলবাহা ৮ নম্বর ওয়ার্ডের মরহুম সালেহ আহমেদের ছেলে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের স্ত্রী রুকমিলা জামানের ব্যক্তিগত গাড়িচালক ছিলেন তিনি।

জানা গেছে, কয়েক মাস আগে দুদকের অভিযানে ইলিয়াসের বাড়ি থেকে ২৩ বস্তা নথিপত্র জব্দ করা হয়েছে, যাতে সাবেক ভূমিমন্ত্রী ও তার পরিবারের বিদেশে সম্পদ অর্জন, অর্থপাচার এবং ব্যবসা‑লেনদেন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে।

ওই সময় দুদক জানায়, উদ্ধার নথিগুলো বিস্তারিতভাবে যাচাই করা হবে এবং তা আইনি প্রক্রিয়ায় উপস্থাপন করা হবে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) তাকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেনকর্ণফুলী থানার ওসি মো. শাহীনুর আলম। সূত্র-বাসস

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি