চন্দনাইশে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ০১ মার্চ, ২০২৬ ১৩:৩৩

সিটিজি নিউজ টুডে : চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভাস্থ হাজির পাড়া এলাকার একটি বাড়ির লাকড়ির ঘর থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে আয়েশা সিদ্দিকা মুক্তা (২২) নামে এ গৃহবধূর মরদেহটি উদ্ধারের পর থেকে রহস্যজট দেখা দিয়েছে।

নিহতের পরিবার ও শ্বশুরবাড়ির পক্ষ থেকে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। নিহতের পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। অন্যদিকে স্বামী ও শ্বশুড় বাড়ির লোকজন বলছে সে আত্মহত্যা করেছে।

তবে ঘটনার পর থেকেই তার স্বামী জিফাত পলাতক রয়েছেন জানিয়েছে পুলিশ।

জানা গেছে, নিহত মুক্তার ২ বছরের একটি ছেলে ও মাত্র ৩ মাসের একটি কন্যা সন্তান রয়েছে।

নিহত মুক্তার পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের অভিযোগ, হত্যার পর লাশটি লাকড়ি ঘরে ঝুলিয়ে রাখা হয়েছে যাতে একে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া যায়।

গৃহবধূর স্বজনরা জানান, বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে মুক্তার স্বামী তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন এবং এ নিয়ে ইতিপূর্বে একাধিকবার সালিশ বৈঠকও হয়েছে।

এ বিষয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খাঁন বলেন, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ উদঘাটন হবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি