দেশজুড়ে ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়। দেওয়া হচ্ছে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের ১৩ মার্চের অগ্রিম টিকিট।
ঈদযাত্রার শতভাগ অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। সার্ভারে অতিরিক্ত চাপ কমাতে অঞ্চলভেদে দুটি ভিন্ন সময়ে টিকিট বিক্রি করা হচ্ছে।
পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি হচ্ছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এবারও বিশেষ ব্যবস্থায় আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে।
যাত্রীসেবার অংশ হিসেবে শতভাগ টিকিট অনলাইনে ছাড়া হচ্ছে, কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না।
সম্প্রতি রাজধানীর রেল ভবনে আয়োজিত ঈদযাত্রা প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় যাত্রীসেবা নির্বিঘ্ন রাখতে একাধিক নির্দেশনা দেওয়া হয়েছে।
রেলওয়ের সূচি অনুযায়ী, ৩ মার্চ বিক্রি হচ্ছে ১৩ মার্চের টিকিট, ৪ মার্চ ১৪ মার্চের টিকিট, ৫ মার্চ ১৫ মার্চের টিকিট, ৬ মার্চ ১৬ মার্চের টিকিট, ৭ মার্চ ১৭ মার্চের টিকিট, ৮ মার্চ ১৮ মার্চের টিকিট এবং ৯ মার্চ বিক্রি হবে ১৯ মার্চের টিকিট।
এছাড়া, চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির তারিখ নির্ধারণ করা হবে।
সভায় আরও সিদ্ধান্ত হয়েছে, যাত্রীদের সুবিধার্থে নন-এসি কোচের মোট আসনের ২৫ শতাংশ পর্যন্ত দাঁড়িয়ে ভ্রমণের টিকিট যাত্রার দিন ট্রেনের প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।
ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী একবারেই কিনতে পারবেন এবং সর্বোচ্চ চারটি আসন সংগ্রহের সুযোগ থাকবে। কেনা টিকিট ফেরতযোগ্য নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


