back to top

বড় সাজ্জাদের আস্তানায় অভিযান: অস্ত্রসহ ২ সহযোগী গ্রেপ্তার

প্রকাশিত: ০৩ মার্চ, ২০২৬ ১৩:৫৩

সিটিজি নিউজ টুডে : চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকায় সিএমপির তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের আস্তানার সন্ধান পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ।

অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ বড় সাজ্জাদের দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

সোমবার রাতে (২ মার্চ) রাতে বায়েজিদ বোস্তামী থানাধীন চালিতাতলি বাজারের পার্শ্বে আমিন উল্লাহ হাজী বাড়ীস্থ ইদ্রিসের মালিকানাধীন ভাড়া ঘরে অভিযান চালিয়ে এসব অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করে পুলিশ।

অভিযানে ২টি বিদেশী পিস্তল, ৩টি পিস্তলের ম্যাগাজিন, ১টি ম্যাগাজিন, ১টি বিদেশী এসএমজি, ১টি দেশীয় তৈরি পাইপ গান, ৪৫৫টি পিস্তলের তাজা গুলি, ১৪টি শর্টগানের তাজা কার্তুজ এবং ১টি খালি কার্তুজ, ১টি চাপাতি, ১টি রাম দা, ৩টি ছোরা ও ১টি কাঁচি, ৮৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩টি অ্যন্ড্রয়েড মোবাইল সেট, ১টি পাওয়ার ব্যাংক, ২টি বর্ডি ওর্ণ ক্যামেরা ,১টি ব্যাটারি চার্জার, ১টি অস্ত্রের কিট বক্স, ২টি স্প্রে কিট, ১টি বেইজ বল খেলার লোহার বেড, ১টি ড্রিল মেশিন, ২টি পলিথিন সিল মেশিন, ১টি টুলবক্স ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সহকারি পুলিশ কমিশনার আমিনুর রশিদ।

তিনি বলেন, কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদের ভাইয়ের ছেলে মোহাম্মদ, কেইস ইকবালসহ অজ্ঞাতনামা সন্ত্রাসীদের অবস্থান নিশ্চিত হয়ে পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালায়।

অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পুলিশ ধাওয়া করলে সন্ত্রাসী গ্রুপ পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়ে।

একপর্যায়ে ধাওয়া করে বড় সাজ্জাদের সহযোগী মোহাম্মদ ইসতিয়াক হাসান ইমন (২৬) ও মো জসিম (৩৫)কে গ্রেপ্তার করা হয়।

সিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী জানান, চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের অনুসারীরা চালিতাতলী বাজার এলাকায় অবস্থান করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে আমিন উল্লাহ হাজি বাড়ির একটি ভাড়া বাসায় অভিযান চালায়।

অভিযানে দেশি-বিদেশি অস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও ইয়াবাসহ মোহাম্মদ ইসতিয়াক হাসান ইমন (২৬) ও মো. জসিমকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি