back to top

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবদলের আহ্বায়কের মৃত্যু

প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬ ১৩:৩৪

মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় মিরসরাই উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক কামাল উদ্দিন (৪২) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) ২টার দিকে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকায় একটি ড্রাম ট্রাক ধাক্কা দিলে দূর্ঘটনাটি ঘটে।

জানা যায়, মিরসরাইয়ের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ব্যবসায়িক কাজ শেষে ব্যক্তিগত গাড়ি নিয়ে বড়তাকিয়া ফিরছিলেন কামাল। নিপ্পন কারখানার সামনে আসা মাত্র সামনে থেকে আসা একটি ড্রামট্রাক তার গাড়িকে মুখোমুখি ধাক্কা দেয়।

এতে কামালের গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনি গাড়ির ভেতরে আটকে পড়েন। দূর্ঘটনায় যুবদল নেতা কামালের গাড়ি দুমড়ে মুচড়ে যায়। এবং মারাত্মক আহত অবস্থায় তিনি গাড়িতে আটকা পড়েন।

পরে মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে দ্রুত চমেকে প্রেরণ করেন।

স্থানীয় হাসপাতাল সূত্রে জানা যায়, এই যুবদল নেতাকে হাসপাতালে আনার পর তাকে সেলাইন ও অক্সিজেন সরবরাহ করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। সেই অনুযায়ী ধারণা করা হয় তিনি দূর্ঘটনা স্থলেই ইন্তেকাল করেছেন।

স্থানীয় হাসপাতাল থেকে তাকে চট্টগ্রামের একটি উন্নত হাসপাতালে উচ্চতর চিকিৎসা দেয়ার জন্য নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

দূর্ঘটনা কবলিত গাড়িটি যুবদল নেতা কামাল উদ্দিন নিজেই ড্রাইভ করছিলেন বলে জানা গেছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ঘাতক ড্রামট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি