back to top

ঈদে ৬ দিন ট্রাক কাভার্ডভ্যান-লরি চলাচল বন্ধ

প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৬ ০৬:৪০

দেশজুড়ে ডেস্ক : আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচলে ছয় দিনের নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে।

তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল পণ্য, পোশাকসামগ্রী, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

এ ছাড়া ১৬ মার্চ থেকে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহার করতে নগরবাসীকে অনুরোধ জানিয়েছে ডিএমপি।

এর মধ্যে রয়েছে কুড়িল–আবদুল্লাহপুর, গুলিস্তান–সাইনবোর্ড, আড়ং ক্রসিং–আমিনবাজার, ফুলবাড়িয়া–বাবুবাজার ব্রিজসহ কয়েকটি সড়ক।

ডিএমপি জানায়, আন্তজেলা বাসগুলোকে টার্মিনাল থেকে সরাসরি গন্তব্যে যেতে হবে এবং প্রধান সড়কে বাস দাঁড় করানো বা নির্ধারিত কাউন্টার ছাড়া যাত্রী ওঠানো-নামানো যাবে না।

একই সিটের টিকিট একাধিক যাত্রীর কাছে বিক্রি, অতিরিক্ত যাত্রী বহন ও বাসের ছাদে যাত্রী তোলাও নিষিদ্ধ করা হয়েছে।

চালকদের নির্ধারিত গতিসীমা মেনে গাড়ি চালানো, বেপরোয়া ওভারটেকিং না করা এবং বৈধ লাইসেন্স ও কাগজপত্র সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

যাত্রীদেরও নির্দিষ্ট টার্মিনাল থেকে বাসে ওঠা ও ভ্রমণে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ডিএমপি। জরুরি প্রয়োজনে ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি