সিটিজি নিউজ টুডে : চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে অগ্রিম টিকিটধারীদের ঈদযাত্রা শুরু হয়েছে। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চট্টগ্রাম ছাড়তে শুরু করেছে নগরবাসী।
ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন শুক্রবার (১৩ মার্চ) থেকেই স্টেশনে ছিল ঘরমুখো মানুষের ভিড় ও উৎসবমুখর পরিবেশ। প্রথম দিনে ট্রেনে করে চট্টগ্রাম ছেড়েছেন প্রায় ১০ হাজার যাত্রী।
সরেজমিনে দেখা গেছে, চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে যাত্রীদের ব্যাপক ভিড়। তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাও ছিল উল্লেখযোগ্য। পাশাপাশি বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিও চোখে পড়ে।
রেলওয়ে সূত্র জানায়, শুক্রবার ভোর ৪টা ২০ মিনিটে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে পর্যটন এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে অগ্রিম টিকিটের ঈদযাত্রা শুরু হয়। এরপর সকাল ৫টা ৪০ মিনিটে একই গন্তব্যে ছেড়ে যায় সৈকত এক্সপ্রেস।
সকাল ৬টা ও ৭টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় চট্টলা এক্সপ্রেস ও সুবর্ণ এক্সপ্রেস।
সকাল ৭টা ৪০ মিনিটে সিলেটের উদ্দেশে ছেড়ে যায় পাহাড়িকা এক্সপ্রেস। সকাল ৯টা ১৫ মিনিটে ময়মনসিংহের উদ্দেশে যাত্রা করে বিজয় এক্সপ্রেস।
এ ছাড়া সকাল ৯টা ৫৫ মিনিটে কর্ণফুলী এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ঢাকা থেকে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি সকাল ১১টা ৪০ মিনিটে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করে।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক বলেন, এবারের ঈদকে সামনে রেখে পূর্বাঞ্চলের ১৬টি ট্রেনের প্রতিদিন আট হাজারের বেশি অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। প্রথম দিনেই প্রায় ১০ হাজার যাত্রী চট্টগ্রাম থেকে ট্রেনে বিভিন্ন গন্তব্যে যাত্রা করেছেন।
রেলওয়ে সূত্র জানায়, গত ৩ মার্চ থেকে শুরু হয়ে ৯ মার্চ পর্যন্ত সাত দিনব্যাপী অগ্রিম টিকিট বিক্রি করা হয়। ৩ মার্চ বিক্রি করা হয়েছিল ১৩ মার্চের টিকিট। সে অনুযায়ী গতকাল অগ্রিম টিকিটধারীরা যাত্রা শুরু করেন।
ঈদযাত্রাকে কেন্দ্র করে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তিন ধাপের টিকিট যাচাই শেষে যাত্রীরা প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারছেন।
এদিকে ঈদ শেষে ফিরতি যাত্রার জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিও গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে। এদিন বিক্রি করা হয় আগামী ২৩ মার্চের ফিরতি যাত্রার টিকিট।
আজ শনিবার বিক্রি হচ্ছে ২৪ মার্চের টিকিট। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী,২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট বিক্রি হবে ১৯ মার্চ।
চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের অনুরোধে নন–এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।
রেলওয়ে জানিয়েছে, ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন এবং একবারে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। অগ্রিম টিকিট ফেরতযোগ্য নয়।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


