কক্সবাজারের টেকনাফে সিএনজিচালিত অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নাহিদ ইসলাম (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হোয়াইক্যাং ঝিমংখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাহিদ ইসলাম হ্নীলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের আলী আকবর পাড়া এলাকার মোহাম্মদ নুরের ছেলে।
স্থানীয়রা জানান, কক্সবাজারের টেকনাফে সিএনজিচালিত অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে শিশুসহ কয়েকজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হ্নীলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাহিদ ইসলামকে মৃত ঘোষণা করেন।
তাদের মধ্যে সিএনজি চালকের অবস্থা গুরুতর হওয়ায় তার জীবন নিয়ে শঙ্কা রয়েছে বলে জানা গেছে ।
হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান এবং বাস জব্দ করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



