ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করার ওপর গুরুত্বারোপ করেছেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
তিনি বলেছেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বৃহস্পতিবার রাজধানীর কাটাবনে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (এলএটিসি) অডিটোরিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ও উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) জন্য আয়োজিত উচ্চতর ভূমি ব্যবস্থাপনা কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হতে হবে।
তিনি নির্দেশনা দেন, সব ধরনের ভূমি সংক্রান্ত কাজ দ্রুত নিষ্পত্তি করতে হবে এবং কোনোভাবেই দীর্ঘসূত্রতা করা যাবে না।
তিনি আরও বলেন, শুধু রুটিনমাফিক কাজ না করে ভূমি সেবাকে কীভাবে আরও সহজ করা যায়, সে বিষয়ে গবেষণার ওপর জোর দিতে হবে।
এ লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ে একটি আধুনিক একাডেমি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।
বহিরাগত অনলাইন অপারেটরদের বিষয়ে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ফটোস্ট্যাট দোকানে বসে যত্রতত্র অনলাইন ভূমি সেবা প্রদান নিরুৎসাহিত করতে হবে। এসব কাজ পাসওয়ার্ড ও আইডিধারী প্রশিক্ষিত ব্যক্তিদের মাধ্যমেই সম্পন্ন করার নির্দেশ দেন তিনি।
ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোহাম্মদ আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. মাহমুদ হাসান।
উল্লেখ্য, ৫ দিনব্যাপী ১৪তম ও ১৮তম উচ্চতর ভূমি ব্যবস্থাপনা কোর্সে মোট ৩৮ জন অতিরিক্ত জেলা প্রশাসক এবং ৩৬ জন উপজেলা নির্বাহী অফিসার অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী কৃতি প্রশিক্ষণার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করেন।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


