সিটিজি নিউজ টুডে : চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি একনলা বন্দুক, একটি ধারালো কিরিচ ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মাদার্শা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এজাহার শিকদারের আকাশমনি বাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—কক্সবাজার জেলার সদর থানার খরুসকুল এলাকার আবুল কালামের ছেলে মোহাম্মদ রাশেদ (১৮), চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার মোহাম্মদ মজনুর ছেলে মো. আকিব (২০) এবং একই উপজেলার আইয়ুব আলীর ছেলে মোহাম্মদ রবিন (২৫)।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মাদার্শা ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের পূর্ব পাশে অবস্থিত এজাহার শিকদারের আকাশমনি বাগানে বিশেষ অভিযান চালানো হয়।
এ সময় ওই বাগানের ভেতর থেকে অস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, “তিন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।”
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



