সিটিজি নিউজ টুডে : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে ভোরে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
শনিবার ভোর সাড়ে ৪টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপজেলার নাপিতের চর এলাকা থেকে একটি স্ক্যাভেটর ও তিনটি ডাম্পার জব্দ করা হয়।
এছাড়া মৌলভীর দোকান এলাকায় জাফর আহমেদ চৌধুরী কলেজসংলগ্ন স্থানে মাটি কাটার কাজে ব্যবহৃত আরও দুটি স্ক্যাভেটর বিকল করে দেওয়া হয়।
এদিকে উপজেলার উত্তর ছদাহা এলাকায় অকৃষি জমির অনুমতি নিয়ে কৃষি জমির মাটি কাটার অভিযোগে মো. সোহেল (৪০) নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



