back to top

জিইসিতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের শোডাউন: ২৪ ঘণ্টার সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৬৮

প্রকাশিত: ০২ জুন, ২০২৬ ১৬:৪৬

ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে শনাক্তকরণ; খুলশী, বায়েজিদ, কোতোয়ালীসহ নগরের বিভিন্ন থানায় সমন্বিত অভিযানে আটক নেতাকর্মীরা

চট্টগ্রাম নগরীর ব্যস্ততম জিইসি মোড়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের আকস্মিক মিছিল ঘিরে শুরু হওয়া আলোচনা শেষ পর্যন্ত রূপ নিয়েছে পুলিশের ব্যাপক অভিযানে।

মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নড়েচড়ে বসে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

ফুটেজ বিশ্লেষণ, তথ্য সংগ্রহ ও ধারাবাহিক অভিযানের মাধ্যমে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে নগরের বিভিন্ন এলাকা থেকে ৬৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) জনসংযোগ বিভাগের সহকারী কমিশনার আমিনুর রশিদ জানান, সোমবারের মিছিলের পর নগরের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

পুলিশের তথ্যমতে, সবচেয়ে বেশি ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে খুলশী থানা এলাকা থেকে।

তারা হলেন রনি মজুমদার (২৪), মো. হামিদ (২৩), মো. শাহাদাত (২৪), অমিত কান্তি দে (২২), মো. আব্দুল কাদের (৪০), মো. শাওন (২৪), রিমন রায় (২৪), মো. জালাল (৩০), মো. শাকিল, মো. রাসেল (২৬), মো. স্বপন (২৫), মো. তারেক (২৪) এবং মো. তারা মিয়া (৬৫)।

বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ১২ জনকে। তারা হলেন মো. শাহনেওয়াজ আকাশ (২৩), মো. ইরফান আহমেদ (২৭), মঙ্গল আহাম্মদ (২৪), জাহিদ হাসান রনি (৩২), মো. সেকান্দর বাদশা (২২), মো. মহিউদ্দিন (৪০), রাজু কুমার দাশ (৩২), মো. আব্দুর রহিম আলভি (২৫), মো. তুহিন (১৯), তারেক ইসলাম তানভীর (২২), মো. মোর্শেদ (৩২) ও মো. নয়ন (২২)।

পাঁচলাইশ থানা এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন ১০ জন। তারা হলেন মো. ইমন ওরফে টেম্পু ইমন (২৬), মো. শুক্কুর আলী বাবু (২৫), মো. শামীম (২০), মো. হাবিব (২০), মো. ফাহিম (২১), মো. সাব্বির হোসেন (১৯), সালাউদ্দিন মানিক (৩৭), মো. আলমগীর হোসেন (৪২), ইমরান হোসেন বিজয় (২২) এবং মো. আজিজ উল্লাহ (৫১)।

কোতোয়ালী থানা এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন ১২ জন। তারা হলেন মো. হাসান (২১), সাকিবুল হাসান রিফাত (২৩), মো. ফেরদৌস (১৯), আব্দুল সাহিব রায়হান মারুফ (২১), আব্দুর রাজ্জাক (৩৫), সাইফুল ইসলাম (২০), সারাফাতুল ইসলাম ইমন (২৪), মো. সাজ্জাত হোসেন (২৮), হৃদয় হোসেন (২৪), মো. সোহেল (২৩), মো. রাশেদ আলম (৩২) এবং মো. শাওন সানি প্রকাশ মনির উদ্দিন (১৯)।

ডবলমুরিং থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ৭ জনকে। তারা হলেন হৃদয় চন্দ্র পাল (২৪), মো. নাজিম উদ্দিন ইমন (২০), মো. ফয়জুল কাদের রাহিত (২২), মো. রবিউল ইসলাম (২৬), মো. জাহিদ (১৯), সাইদুর রহমান (২০) এবং মো. হাসান (২১)।

ইপিজেড থানা এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন অধির দাশ (৪০), আবু জোবায়ের জিপু (৩২) এবং মো. রিহাদ বিন আলম ওরফে জিতু (১৮)।

এ ছাড়া বাকলিয়া থানা থেকে মো. মাসুদ ও মোহাম্মদ রহিম (৩৯), কর্ণফুলী থানা থেকে মো. মামুন (৩৫) ও মো. হাসান মুরাদ (৪৮), চকবাজার থানা থেকে টিকলু সেন দুর্জয় (২৭), চান্দগাঁও থানা থেকে মাহির আল ফয়সাল (২৬), হালিশহর থানা থেকে মো. নাছির (৫২), পাহাড়তলী থানা থেকে জয় দাশ (৪৫), আকবরশাহ থানা থেকে দীপংকর মজুমদার (৩০), বন্দর থানা থেকে শফিকুল ইসলাম (২৮) এবং পতেঙ্গা থানা থেকে মো. মহসীন (২৪) গ্রেপ্তার হয়েছেন।

এর আগে সোমবার সকাল ১১টার দিকে সিএমপি সদর দপ্তরের কয়েকশ গজ দূরে জিইসি এলাকায় ছাত্রলীগের ওমরগনি এমইএস কলেজ শাখার ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করা হয়।

মিছিলটি কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে গেলেও এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, মিছিল শেষে অংশগ্রহণকারীদের কেউ জামা খুলে, কেউ আবার পোশাক পরিবর্তন করে দ্রুত স্থান ত্যাগ করছেন।

এ দৃশ্য নিয়ে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

ঘটনার পর বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতারা সিএমপিতে শুদ্ধি অভিযান পরিচালনার আহ্বান জানান।

তাদের অভিযোগ, আগে নির্জন এলাকায় সীমাবদ্ধ থাকলেও এবার পুলিশের নজর এড়িয়ে নগরের অন্যতম ব্যস্ত এলাকায় মিছিল করতে সক্ষম হয়েছে ছাত্রলীগ।

পরিস্থিতির প্রেক্ষাপটে সিএমপি কমিশনার মিছিলের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।

সেই ঘোষণার ধারাবাহিকতায় নগরজুড়ে অভিযান চালিয়ে মিছিলে অংশগ্রহণকারীদের একটি বড় অংশকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি