চট্টগ্রামের লোহাগাড়ায় দোহাজারী–কক্সবাজার রেলপথে চলন্ত ট্রেনের ধাক্কায় মো. টিপু (১৮) নামের এক কিশোর নিহত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে আমিরাবাদ নতুন বাজার এলাকায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ‘প্রবাল এক্সপ্রেস’-এর ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত টিপু কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকার মো. শাহজাহানের ছেলে।
স্থানীয়দের বরাতে জানা যায়, বিকেলে রেললাইনের পাশে হাঁটার সময় টিপু কানে হেডফোন ব্যবহার করছিল। এ সময় কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনটি দ্রুতগতিতে চলে এলে সে সেটির ধাক্কায় গুরুতর আহত হয়।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা মো. শাহজাহান বলেন, “প্রায় ১৫ দিন আগে চাকরির খোঁজে সে নানার বাড়িতে এসেছিল। এমনভাবে তাকে হারাতে হবে—কখনো ভাবিনি।”
লোহাগাড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার জানান, ট্রেনে কাটা পড়ার ঘটনায় এক যুবকের মৃত্যুর বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়।
মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয়দের মতে, রেললাইনের আশপাশে চলাচলের সময় অসতর্কতা এবং হেডফোন ব্যবহারের কারণে এমন দুর্ঘটনা বারবার ঘটছে, যা নিয়ে আরও সচেতনতা প্রয়োজন।

