চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন উদ্বোধন করা হয়েছে।
সমুদ্রসম্পদ ব্যবস্থাপনা, আবহাওয়া পূর্বাভাস এবং উপকূলীয় উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে আশা করা হচ্ছে এই উদ্যোগকে ঘিরে।
মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত এ স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় বিদ্যুৎ, উচ্চগতির ইন্টারনেটসহ সব ধরনের অবকাঠামোগত সহায়তা নিশ্চিত করতে সরকার কাজ করবে।
তাঁর মতে, সমুদ্রসম্পদ ব্যবস্থাপনা, মৎস্য আহরণ, নৌপরিবহন এবং উপকূলীয় উন্নয়নে এই স্যাটেলাইট স্টেশন কার্যকর ভূমিকা রাখবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, এ প্রযুক্তির মাধ্যমে জেলে, ট্রলার মালিক ও সমুদ্রগামী জাহাজগুলো এখন আরও নির্ভুল আবহাওয়া ও সমুদ্রসংক্রান্ত তথ্য পাবে। ফলে ঝুঁকি হ্রাসের পাশাপাশি কার্যক্রমও হবে আরও নিরাপদ ও দক্ষ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান।
তিনি বলেন, এটি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ঐতিহাসিক অর্জন। চীনের অর্থায়নে বাংলাদেশে প্রথমবারের মতো এ ধরনের ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন স্থাপন করা হলো।
তিনি আরও জানান, এই কেন্দ্র থেকে শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকরাই নয়, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের গবেষকরাও উপকৃত হবেন।
সমুদ্র ও মৎস্যসম্পদ বিষয়ে এখন থেকে রিয়েল-টাইম তথ্য পাওয়ার সুযোগ তৈরি হবে, যা গবেষণাকে আরও গতিশীল করবে।
অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমদ, বাংলাদেশে নিযুক্ত চীন দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শেওপেং এবং চীনের সেকেন্ড ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির ডেপুটি ডিরেক্টর অধ্যাপক ড. ফু বিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

