রাউজানে ডাকাতির প্রস্তুতি মামলার আসামি রায়হান গ্রেপ্তার

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬ ১৭:৩৫

চট্টগ্রামের রাউজান থানার ডাকাতির প্রস্তুতি মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রায়হান (২৪)। তিনি রাউজান উপজেলার পেয়াদা পাড়া এলাকার আবুল হাসেমের ছেলে।

সোমবার (১৫ জুন) র‍্যাব-৭ চট্টগ্রামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব-৭ চট্টগ্রাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, রাউজান থানার একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো. রায়হান রাউজান এলাকায় অবস্থান করছেন।

এ তথ্যের ভিত্তিতে রোববার রাতে উপজেলার বাগোয়ান ইউনিয়নের বড় ঠাকুরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রায়হানকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, রাউজান থানায় ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর দায়ের হওয়া একটি ডাকাতির প্রস্তুতি মামলার (ধারা ৩৯৯/৪০২, দণ্ডবিধি) তদন্তে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়।

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি