উদ্বোধনী ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপে নিজেদের যাত্রা শুরু করেছে আর্জেন্টিনা।
দলের অধিনায়ক লিওনেল মেসি মাঠে নেমেই দেখিয়েছেন তাঁর চিরচেনা নৈপুণ্য।
ম্যাচের ১৭ মিনিটেই প্রথম গোল করে দলকে এগিয়ে নেওয়ার পর পূর্ণ করেন অসাধারণ এক হ্যাটট্রিক। মেসির এমন দাপুটে পারফরম্যান্সে বড় জয় তুলে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
আর্জেন্টিনার এই রাজকীয় সূচনা এবং মেসির দুর্দান্ত ফর্মে ফেরার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশের শোবিজ অঙ্গনের বহু তারকা।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অনুভূতি ভাগ করে নিয়েছেন তারা।
জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি খেলা দেখার একটি ছবি পোস্ট করে ফুটবলের প্রতি নিজের ভালোবাসার কথা জানান। পোস্টে তিনি লিখেছেন, ‘আমার ছোট্ট মেসি, মাশাআল্লাহ।’
ছোট পর্দার শীর্ষ অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও আর্জেন্টিনার জয়ের পর প্রতিক্রিয়া জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার পতাকার ইমোজি যুক্ত করে তিনি লিখেছেন, ‘ঠিক আছে শুভরাত্রি।’
তরুণ অভিনেত্রী কেয়া পায়েল লিওনেল মেসির একটি ছবি শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেন।
তিনি লেখেন, ‘মেসিইইইই, মেসিইইইই, লিও মেসিইইইইইইই সব সময়ই সে। আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করলেন মেসি, কী দারুণ গোল!’
আর্জেন্টিনার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টিও। তিনি লিখেছেন, ‘বিজয়ীর মানসিকতা! অভিনন্দন আর্জেন্টিনা, মেসি।’
জনপ্রিয় সংগীতশিল্পী তাসরীফ খান মেসির ছবি পোস্ট করে নিজের অনুভূতি প্রকাশ করেন।
তিনি লেখেন, ‘সারাজীবন বুক ফুলায় বলবো আমরা মেসির খেলা দেখা জেনারেশন! হোয়াট অ্যান এক্সট্রাঅর্ডিনারি হ্যাটট্রিক ফর মেসি! হোয়াট আ প্লেয়ার।’
অভিনেতা ইরফান সাজ্জাদও রসিকতার ছলে প্রতিপক্ষ সমর্থকদের উদ্দেশে মন্তব্য করেন।
তিনি লেখেন, ‘বুঝলাম না মেসি পেনাল্টি থেকে পরপর তিনটা গোল দিয়ে দিল, আর তোমাদের কোন আওয়াজ নাই! রাগ করলা নাকি?’
অন্যদিকে জনপ্রিয় গায়িকা পড়শী নিজে ব্রাজিলের সমর্থক হলেও আর্জেন্টিনার জন্য শুভকামনা জানিয়েছেন।
ব্রাজিলের জার্সি পরা একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমি ব্রাজিল সমর্থক হলেও আর্জেন্টিনার জন্য শুভকামনা। কারণ আমি ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চাই।’
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনার এমন দাপুটে জয় শুধু সমর্থকদেরই নয়, দেশের বিনোদন অঙ্গনের তারকাদেরও উচ্ছ্বসিত করেছে।
আর সেই উচ্ছ্বাসের কেন্দ্রবিন্দুতে ছিলেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি

