আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে প্রাণ গেল রামহরির

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬ ২১:১০

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকার লালদীঘির পাড়ে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রামহরি বৈষ্ণব (২০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ জুন) দুপুর দেড়টার দিকে ঘটে এই হৃদয়বিদারক দুর্ঘটনা। নিহত রামহরি বৈষ্ণব হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কবিরপুর এলাকার বাসিন্দা।

তিনি লালদীঘির পাড় এলাকার একটি খাবারের দোকানে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দোকানের জানালায় আর্জেন্টিনার পতাকা টাঙানোর কাজ করছিলেন রামহরি।

এ সময় অসাবধানতাবশত তিনি জানালার পাশে থাকা একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে চলে যান। মুহূর্তের মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে কোতোয়ালি থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দীন বলেন, লালদীঘির পাড় এলাকায় পতাকা টাঙানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

একটি পতাকা টাঙানোর সাধারণ কাজ যে এত বড় দুর্ঘটনার কারণ হতে পারে, রামহরি বৈষ্ণবের মৃত্যু সেই বাস্তবতাকেই আবারও সামনে নিয়ে এলো।

তার আকস্মিক মৃত্যু পরিবার, সহকর্মী ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি