চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরের জলে সলিলসমাধি ঘটেছে দিলীপ সর্দার (৬০) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধোরলা গ্রামের ঐতিহ্যবাহী ‘দিলীপ সর্দার বাড়ি’র নিকটবর্তী এক পুকুরে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে।
প্রয়াত নিকুঞ্জ সর্দারের ছেলে দিলীপ সর্দার দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকেও নিজের ঘর থেকে বের হন দিলীপ সর্দার।
তবে দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও তিনি আর বাড়ি ফেরেননি। স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন।
অবশেষে দুপুর ১টার দিকে তাঁদের নিজ বাড়ি থেকে কিছুটা দূরে সারোয়াতলী এলাকার একটি পুকুরে তাঁকে ডুবে থাকা অবস্থায় দেখতে পান স্থানীয় ও পরিবারের সদস্যরা।
মুহূর্তের মধ্যে চারদিকে শোকের ছায়া নেমে আসে। তৎক্ষণাৎ ভাসমান অবস্থা থেকে তাঁকে উদ্ধার করে দ্রুত নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
তবে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. পুশন দুপুর আড়াইটার দিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে দিলীপ সর্দারকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আজম খান জানান, এটি একটি অপমৃত্যুর ঘটনা বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহতের মানসিক ভারসাম্যহীনতার বিষয়টি পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। কোনো প্রকার অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি

