লোহাগাড়া প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার একটি পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের উত্তর আমিরাবাদ মজুমদারপাড়াস্থ সার্বজনীন কালি মন্দিরের সামনের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত অরুণ জল দাশ ওই এলাকার মৃত পশুরাম দাশের ছেলে। তিনি পেশায় একজন তবলা ম্যান (তবলা বাদক) ছিলেন।
স্থানীয় বাসিন্দা রুবেল চক্রবর্তী জানান, শুক্রবার সকাল ১১টার দিকে তিনি ও বিপ্লব মন্দিরে আসেন। মন্দিরের সামনের পুকুরঘাটে বসে গল্প করার সময় বিপ্লব পুকুরের এক প্রান্তে একটি মানুষের মাথার মতো কিছু ভাসতে দেখতে পান।
বিষয়টি নিশ্চিত হতে স্থানীয় লোকজনকে খবর দেওয়া হলে তারা পুকুর থেকে মরদেহটি উদ্ধার করেন। পরে সেটি অরুণ জল দাশের বলে শনাক্ত করা হয়।
নিহতের ভাই সুভাশ জল দাশ বলেন, আমার ভাই অরুণ বিয়ে করেনি। সে তবলা বাজিয়ে জীবিকা নির্বাহ করত।
স্থানীয় লোকজন পুকুরে তার লাশ দেখতে পেয়ে আমাকে খবর দিলে ঘটনাস্থলে এসে ভাইয়ের মরদেহ দেখতে পাই।
পরে খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল পরিদর্শন করেন লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক, এসআই লিটন, এসআই গোপেশ, এএসআই রিয়াজসহ পুলিশের একটি দল।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে ঘটনার বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি/রায়হান

