হাইড্রোলিক হর্নে কাঁপছিল মহাসড়ক: লোহাগাড়ায় ৪ বাসকে জরিমানা, জব্দ ৭ হর্ন

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬ ১৪:২৩

লোহাগাড়া প্রতিনিধি : গাড়ির তীব্র হেডলাইটের আলো কিংবা বিকট হর্নের শব্দে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যে ভোগান্তি প্রতিদিনের সঙ্গী, সেখানে এবার কঠোর হস্তে লাগাম টেনেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

লোহাগাড়া উপজেলার সদরে মাশাবির সামনে শব্দ দূষণ রোধে পরিচালিত হয়েছে এক তাৎপর্যপূর্ণ ভ্রাম্যমাণ আদালত।

২৫ আগস্ট (মঙ্গলবার) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।

অভিযানের মূল লক্ষ্য ছিল নির্ধারিত শব্দসীমা অতিক্রম করে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া।

নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দের হর্ন ব্যবহার করায় ৪টি যাত্রীবাহী বাসকে মোট ১১ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। অনিয়ন্ত্রিত শব্দ তৈরি করা ৭টি ক্ষতিকর হাইড্রোলিক হর্ন ঘটনাস্থলেই জব্দ করা হয়। তাছাড়া শব্দ দূষণ নিয়ন্ত্রণ আইন ও বিধিমালা ২০০৬ (সংশোধিত) বাস্তবায়নের অংশ হিসেবে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে মারসা পরিবহনকে ৩ হাজার , শ্যামলী পরিবহনকে ৩ হাজার, ঈগল পরিবহনকে ২ হাজার ৫শ ৮ এবং পূরবী পরিবহনকে ২ হাজার ৫ শ ৮ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

অভিযান পরিচালনার সময় আইন-শৃঙ্খলা রক্ষা ও সামগ্রিক তদারকিতে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলার পরিদর্শক চন্দন বিশ্বাস, লোহাগাড়া থানার এএসআই লুৎফুর রহমান এবং উপজেলা ভূমি অফিসের নাজির সাহেদুল ইসলামসহ লোহাগাড়া থানা পুলিশের একটি সুসংগঠিত টিম।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন জানান, মহাসড়কে হাইড্রোলিক হর্নের অনিয়ন্ত্রিত ব্যবহারে জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়ছে।

পরিবেশ রক্ষা ও সাধারণ পথচারীদের স্বাস্থ্য সুরক্ষায় এই ধরনের পরিবেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি/রায়হান