বন্দরের শহর চট্টগ্রামের শান্তি, নিরাপত্তা আর আইনশৃঙ্খলা পরিস্থিতির নতুন সমীকরণ মেলাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭-এর প্রধান সেনাপতির দায়িত্বে এলেন এক অভিজ্ঞ ও দক্ষ সামরিক কর্মকর্তা।
র্যাব-৭, চট্টগ্রামের নতুন অধিনায়ক (কমান্ডিং অফিসার-সিও) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান, পদাতিক।
গত ১৭ আগস্ট তিনি এই নতুন দায়িত্ব গ্রহণ করেন। তার এই আগমন চট্টগ্রামজুড়ে অপরাধ নিয়ন্ত্রণে এনেছে এক নতুন বার্তা।
এর আগে লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান সফলতার সাথে র্যাব-১৫, কক্সবাজারের অধিনায়কের গুরুদায়িত্ব পালন করেছেন।
কক্সবাজারের মতো আন্তর্জাতিক সীমান্ত ও স্পর্শকাতর অঞ্চলের অপরাধ দমন ও নিরাপত্তা নিশ্চিত করার অভিজ্ঞতা এবার কাজে লাগবে চট্টগ্রাম ও সংলগ্ন এলাকার অপরাধ নিয়ন্ত্রণে-এমনটাই মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং র্যাবের নানামুখী কার্যক্রম গতিশীল করতে সক্রিয় নেতৃত্ব দিচ্ছেন।
বন্দরনগরীর জনজীবন সুরক্ষিত রাখা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সন্ত্রাসী তৎপরতা দমনে নতুন এই অধিনায়কের নেতৃত্বে র্যাব-৭ আরো কঠোর ভূমিকা রাখবে বলে আশা করছে সাধারণ মানুষ।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি

