২০২৭ সালের এসএসসি পিছিয়ে মার্চে, এইচএসসি নিয়ে কঠোর অবস্থানে শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৬ ১৮:২৮

২০২৭ সালের মাধ্যমিক (এসএসসি) ও সমমানের পরীক্ষার সূচিতে পরিবর্তন আনা হলেও নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হতে যাচ্ছে উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা।

প্রাকৃতিক কোনো দুর্যোগ বা অপ্রত্যাশিত সংকট না ঘটলে নির্ধারিত সময়সূচি পেছানোর কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

আজ সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী পরীক্ষা সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের এই কঠোর ও সুনির্দিষ্ট অবস্থানের কথা তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই। আপাতত আমরা এমন কোনো পরিস্থিতি দেখছি না, যদি না কোনো প্রাকৃতিক দুর্যোগ তৈরি হয়। পরীক্ষার্থীদের দেড় বছর আগেই সম্ভাব্য সময়সূচি জানিয়ে দেওয়া হয়েছে, সুতরাং তারা সেই অনুযায়ীই প্রস্তুতি নিচ্ছে।

গত মে মাসে শিক্ষা মন্ত্রণালয় থেকে আগামী বছরের পাবলিক পরীক্ষাগুলোর একটি সম্ভাব্য রূপরেখা প্রকাশ করা হয়েছিল। পূর্বপরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল।

তবে পবিত্র রমজান মাস, ঈদুল ফিতর এবং অভিভাবকদের সার্বিক মতামত বিবেচনা করে সেই সূচিতে পরিবর্তন আনে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ১৪ মার্চ থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে।

অন্যদিকে, এইচএসসি ও সমমানের পরীক্ষার নির্ধারিত সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। সূচি অনুযায়ী, ৬ জুন থেকে শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলবে এই পরীক্ষা।

পরীক্ষার খবর ছাড়াও সাম্প্রতিক চীন সফরের অর্জনের কথা জানাতে মূলত এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্প্রতি শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া তিন দিনের এক গুরুত্বপূর্ণ সফরে চীন যান।

সফরকালে বাংলাদেশের কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও আধুনিকায়নে চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়।

সংবাদ সম্মেলনে শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া উপস্থিত থেকে সফরে অর্জিত সাফল্যের বিস্তারিত চিত্র তুলে ধরেন।

শিক্ষাবিদদের মতে, এই আন্তর্জাতিক সমঝোতা দেশের কারিগরি শিক্ষা ও কর্মসংস্থান খাতে নতুন গতি আনবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি