বিকেলে মাদ্রাসা থেকে ফিরেছিলেন রামিসা, সন্ধ্যায় মিলল মরদেহ

এটি কি আত্মহত্যা?

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:০৭

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় নানিবাড়ির নিজ ঘর থেকে রাইসা আনজুম রামিসা (১৬) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শাকপুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আছমত মিয়া মেম্বার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রামিসা শাকপুরা দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসার শিক্ষার্থী এবং বোয়ালখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রায়খালী মিয়া বাপের বাড়ির প্রবাসী মো. জামাল উদ্দিনের মেয়ে। সে তার বৃদ্ধ নানির সাথে পূর্ব শাকপুরা এলাকার ওই বাড়িতে বসবাস করত।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল তিনটার দিকে মাদ্রাসা থেকে বাসায় ফেরে রামিসা। এর পর থেকে তার কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজনের সন্দেহ হয়।

একপর্যায়ে ঘরের দরজা খুলে সিলিং ডাঁসার সাথে গলায় রশি পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন স্বজনেরা। পরে স্থানীয়দের সহায়তায় তাকে নিচে নামানো হয়।

সংবাদ পেয়ে বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রামিসাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর আসল কারণ উদঘাটনে বিস্তারিত তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি