সাংবাদিকতার ছদ্মবেশে ইয়াবা পাচার: আনোয়ারায় র‌্যাবের জালে টেকনাফের মুজাহিদ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:১৮

সাংবাদিকতার মতো পেশাকে ঢাল হিসেবে ব্যবহার করে দীর্ঘদিন ধরে ইয়াবা পাচার করে আসছিল একটি চক্র। কিন্তু শেষ রক্ষা হলো না।

মোটরসাইকেলের সামনে ‘প্রেস’ স্টিকার লাগিয়ে বিপুল পরিমাণ ইয়াবার চালান নিয়ে যাওয়ার পথে র‌্যাবের হাতে ধরা পড়েছে নুরুল আলম প্রকাশ মুজাহিদ (৪৩) নামে এক মাদক কারবারি।

গত বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার এলপিজি অটো গ্যাস স্টেশন সংলগ্ন সৈয়দ কুচাইয়ার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৭। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেপ্তারকৃত নুরুল আলম কক্সবাজারের সীমান্তঘেঁষা টেকনাফ উপজেলার রংগীখালী এলাকার আব্দুর রহমানের ছেলে।

র‌্যাব-৭ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তাদের একটি আভিযানিক দল জানতে পারে যে, টেকনাফ থেকে এক ব্যক্তি মোটরসাইকেলে করে মাদকের বড় একটি চালান নিয়ে চট্টগ্রাম শহরের দিকে আসছে।

সংবাদের সত্যতা নিশ্চিত করতে আনোয়ারার সৈয়দ কুচাইয়ার মোড়ে দ্রুত একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করেন র‌্যাব সদস্যরা।

অভিযান চলাকালে একটি সন্দেহভাজন মোটরসাইকেল চেকপোস্টে পৌঁছালে তার সামনে একটি জাতীয় ইংরেজি পত্রিকার নামসহ ‘প্রেস’ লেখা দৃশ্যমান স্টিকার দেখতে পান সদস্যরা।

সাংবাদিক পরিচয় দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার এই মরিয়া চেষ্টা সত্ত্বেও র‌্যাবের দক্ষ আভিযানিক দল যানটিতে সূক্ষ্ম তল্লাশি চালায়।

তল্লাশির একপর্যায়ে মোটরসাইকেলটির হাফ চেসিস এবং চেসিস বক্সের ভেতর অত্যন্ত নিখুঁত ও বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ হাজার ৮৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৩ লাখ ৫৫ হাজার টাকা।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত মোটরসাইকেলসহ তাকে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাংবাদিকতার মতো পেশার আড়ালে মাদক পাচারের এমন চাঞ্চল্যকর ঘটনা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি