মায়ের ওপর ছোট্ট অভিমান-কিশোরী তাসফিয়ার করুণ পরিণতি!

আনোয়ারায় ঘর থেকে মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:০২

বই-খাতা আর সহপাঠীদের সঙ্গ ছেড়ে যে বয়সে আলোর দিশা খোঁজার কথা, ঠিক সেই বয়সেই এক অভিমানী নীরবতায় ওপারে পাড়ি জমাল ১৬ বছরের কিশোরী তাসফিয়া খানম ইভা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া এলাকার নিজ বসতঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ইভা দুধকুমড়া এলাকার মো. ঈসমাইলের মেয়ে। চার বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি ছিলেন চতুর্থ।

স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, ইভা স্থানীয় একটি মহিলা মাদ্রাসায় পড়াশোনা করতেন। গত বছর তিনি অষ্টম শ্রেণির গণ্ডি পার হয়ে চলতি বছর নবম শ্রেণিতে ভর্তি হলেও সংসারের আর্থিক অসচ্ছলতার কারণে পড়াশোনা চালিয়ে যাওয়া আর সম্ভব হয়নি।

পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার মানসিক চাপ আর বাস্তবতার কঠোর টানাপোড়েনের মাঝেই কাটছিল তার দিনগুলো। ইভার একমাত্র ভাই পরিবারের জীবিকার তাগিদে বর্তমানে প্রবাসে অবস্থান করছেন।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার দিন বিকেল ৫টার দিকে ঘরের ফ্যানের সাথে ইভাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে তাদের আহাজারিতে আশপাশের মানুষ জড়ো হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, পরিবারের সাথে ইভার বড় ধরনের কোনো বিরোধ বা মনোমালিন্য ছিল না।

তবে পুলিশের ধারণা, পারিবারিক বিষয় নিয়ে মায়ের ওপর সাময়িক অভিমান থেকেই হয়তো এমন চরম পথ বেছে নিয়েছে এই কিশোরী। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে ঘটনাটি গভীরভাবে তদন্ত করছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মজনু মিয়া জানান, এক গ্রাম পুলিশের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশের একটি টিম দুধকুমড়া এলাকায় গিয়ে কিশোরীর মরদেহ উদ্ধার করে।

মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

একটি উঠতি বয়সের মেয়ের এমন অপ্রত্যাশিত বিদায়ে পুরো দুধকুমড়া এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নীরব নিভৃতে গড়ে ওঠা এই অভিমানের নেপথ্যে কী ছিল, তা এখন ময়নাতদন্ত ও পুলিশি তদন্তের পরই পরিষ্কার হবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি