পাহাড়তলী বাজারে নকল চাল ও মেয়াদোত্তীর্ণ পণ্যের ছড়াছড়ি

হাতেনাতে ধরা তিন ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৬ ১৭:৩৮

চট্টগ্রাম নগরের ঐতিহ্যবাহী পাহাড়তলী বাজারে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে মেয়াদোত্তীর্ণ বিস্কুট, ক্ষতিকর রং মিশ্রিত চানাচুর বিক্রি এবং নামবিহীন প্যাকেটে নকল চাল বাজারজাত করার অপরাধে তিন প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দিনভর পাহাড়তলী বাজারে এই বিশেষ বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়।

অভিযান সূত্রে জানা যায়, তদারকিকালে পাহাড়তলী বাজারের এ বি এম ফুড প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে মেয়াদোত্তীর্ণ বিস্কুট এবং মানবদেহের জন্য ক্ষতিকর রং মিশ্রিত চানাচুর বিক্রির অকাট্য প্রমাণ পাওয়া যায়। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া অভিযানে নিয়মবহির্ভূতভাবে কার্যক্রম পরিচালনার দায়ে আরও দুটি প্রতিষ্ঠানকে আর্থিক দণ্ড দেওয়া হয়।

এর মধ্যে হাজী শফিউল বশর অ্যান্ড সন্স প্রতিষ্ঠানে পণ্যের সঠিক মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, মেঘনা স্টোর এ নামবিহীন প্যাকেটে নকল চাল বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ভাউচার সংরক্ষণে অনিয়মের সত্যতা মেলায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান জানান, ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে মেয়াদোত্তীর্ণ পণ্য, ভেজাল খাবার ও নকল চাল বিক্রির কোনো সুযোগ নেই।

ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অবশ্যই সঠিক মূল্য তালিকা প্রদর্শন এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ করতে হবে।

সাধারণ মানুষের অধিকার ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি