চট্টগ্রাম নগরের খুলশী থানায় পুলিশের ওপর হামলা ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা পৃথক দুই মামলায় ওয়াকিল হোসেন ওরফে বগাসহ ১৩ জনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে আদালত তাঁদের সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ জি এম মনিরুল হাসান সরকারের আদালতে এ জামিন শুনানি অনুষ্ঠিত হয়।
মামলা ও আদালত সূত্রে জানা যায়, অন্য একটি মামলায় আগে থেকেই কারাগারে থাকা ওয়াকিল হোসেন ওরফে বগাকে এই দুই মামলায় কড়া পুলিশি নিরাপত্তায় ‘প্রোডাকশন ওয়ারেন্ট’ (পি/ডব্লিউ)-এর মাধ্যমে আদালতে হাজির করা হয়।
অন্যদিকে, হাইকোর্ট থেকে প্রাপ্ত আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় এ দুই মামলার বাকি ১২ আসামি উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী বিচারক আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান।
শুনানি শেষে বিচারক উভয়পক্ষের বক্তব্য বিবেচনা করে আসামিদের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) উপপরিদর্শক (এসআই) নুরুল আলম বলেন, পুলিশের ওপর হামলা ও চাঁদাবাজির মামলায় অভিযুক্ত আসামি বগাকে পি/ডব্লিউ-এর মাধ্যমে আদালতে হাজির করা হয়েছিল।
এ ছাড়া অপর ১২ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক বগাসহ মোট ১৩ জনের জামিন আবেদন নামঞ্জুর করেন এবং তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের নির্দেশের পরপরই কড়া নিরাপত্তাবেষ্টনীতে আসামিদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


