হারানো ১০৭টি ফোনে স্বস্তির বার্তা, প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন এসপি

ফোন ফেরতের প্রত্যাশা ছেড়েই দিয়েছিলাম

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৬ ১৩:৪৯

হারানো স্মার্টফোনটি আর ফেরত পাওয়া যাবে-এমন আশা হয়তো ছেড়ে দিয়েছিলেন অনেকেই। তবে থানা পর্যন্ত গড়ানো একটি সাধারণ ডায়েরি (জিডি) যে কেবল নথির মধ্যে আটকে থাকেনি, তার প্রমাণ দিল চট্টগ্রাম জেলা পুলিশ।

তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতাকে কাজে লাগিয়ে জেলার ১৭টি থানা এলাকা থেকে উদ্ধার করা ১০৭টি হারানো মোবাইল ফোন অবশেষে পৌঁছে গেল তাদের প্রকৃত মালিকদের হাতে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে নগরের নাসিরাবাদে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার হওয়া ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মো. মাসুদ আলম।

পুলিশ জানায়, চট্টগ্রাম জেলার ১৭টি থানায় হারানো সংক্রান্ত জিডিগুলোর ওপর ভিত্তি করে বিশেষ অনুসন্ধান শুরু করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

পুলিশ সুপারের দিকনির্দেশনায় প্রযুক্তিনির্ভর আধুনিক ট্র্যাকিং ও মাঠে গোয়েন্দা নজরদারির সমন্বয়ে এই ১০৭টি মোবাইল উদ্ধার করতে সক্ষম হন ডিবির সদস্যরা।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম দায়িত্ব গ্রহণের পর থেকেই অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনসেবামূলক কাজে গতি আনার নানামুখী পদক্ষেপ নেন। হারানো ফোন উদ্ধারের এই ধারাবাহিক অভিযান তারই একটি অংশ।

দীর্ঘদিন পর নিজ নিজ ব্যবহৃত শখের বা প্রয়োজনীয় ফোনটি হাতে পেয়ে অনুষ্ঠানে আসা সাধারণ মানুষের মুখে ছিল স্বস্তির আমেজ।

উপস্থিত একাধিক উপকারভোগী জানান, পুলিশ কেবল অপরাধ দমনই নয়, সাধারণ মানুষের ছোটখাটো কিন্তু গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানেও এভাবে এগিয়ে এলে পুলিশের প্রতি জনআস্থা আরও বহুগুণ বেড়ে যাবে।

অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, প্রযুক্তিনির্ভর আধুনিক পুলিশিংয়ের মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং নাগরিকদের হারানো সম্পদ উদ্ধারে জেলা পুলিশের এমন অভিযান ও জনসেবামূলক কাজ অব্যাহত থাকবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি