back to top

চান্দগাঁও এলাকায় ছিনতাইকৃত সাড়ে ১৪ লাখ টাকাসহ গ্রেপ্তার ৫

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:৪৭

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে ছিনতাইকৃত নগদ ১৪ লাখ ৬১ হাজার ৬৭০ টাকা উদ্ধারের পাশাপাশি ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাইনিজ কুড়াল ও একটি টিপছোরা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টার দিকে চান্দগাঁও থানার জান আলী রেলস্টেশন এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ওই এলাকার রফিক স্টোর নামের একটি গোডাউনের সামনে এক ব্যবসায়ীর পথরোধ করে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র।

চক্রটি চাইনিজ কুড়াল ও টিপছোড়া বের করে জানে মেরে ফেলার ভয়ভীতি দেখিয়ে ওই ব্যবসায়ীর কাছ থেকে ১৯ লাখ ৭৩ হাজার ৪শ টাকা এবং অপর একটি ব্যাগে রাখা ৫৫ হাজার টাকা ও একটি অ্যান্ড্রয়েড ফোন ছিনিয়ে নেয়।

এ বিষয়ে চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হলে অভিযানে নামে পুলিশ।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল কবির বলেন, অভিযানে ছিনতাইকৃত ১ লাখ ৪২ হাজার নগদ টাকা, ছিনতাই কাজে ব্যবহার করা একটি চাইনিজ কুড়াল ও একটি টিপছোরা সহ মো. সুমন (৩০) ও মো. আলী (৪৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের দেয়া তথ্যমতে লক্ষীপুরের চৌধুরীঘাট এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে আরও তিনজন—মো. রাকিব (৩২), মো. ফয়সাল (১৯) ও মোছা: কাজল আক্তার (২১)-কে গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে ছিনতাইকৃত ১৩ লাখ ১৯ হাজার ৬৩০ টাকা উদ্ধার করা হয়।গ্রেফতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন জানালেন ওসি।