back to top

মেসির দুর্দান্ত গোলের পরও জিততে পারল না মায়ামি

প্রকাশিত: ০২ নভেম্বর, ২০২৫ ০৫:১৬

সতীর্থ রদ্রিগো দে পলের কাছ থেকে বল পেয়ে ডান পাশ দিয়ে দারুণ দক্ষতায় ডি বক্সে ঢুকেই নিলেন উঁচু কোনাকুনি গতিময় শট।

বামে ঝাঁপিয়েও নাগাল পেলেন না গোলরক্ষক; বল আশ্রয় নিল জালে। লিওনেল মেসির এমন দুর্দান্ত গোলের পরও হার এড়াতে পারল না ইন্টার মায়ামি।

মেজর লিগ সকারে প্লে অফ সিরিজের দ্বিতীয় ম্যাচে ন্যাশভিলেন মাঠে ২-১ গোলে হেরেছে মায়ামি।

প্রথমার্ধেই দুই গোল হজমের পর মেসির গোলটি ছিল ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে। পরে সাত মিনিট যোগ করা সময় পেলেও সমতাসূচক গোলের দখা পায়নি সফরকারীরা।

ঘরের মাঠে প্রথম ম্যাচে ৩-১ গোলে জিতেছিল মায়ামি। মেসি করেছিলেন জোড়া গোল। সব মিলিয়ে প্লে অফে মেসির গোল হলো ৩টি।

তিন ম্যাচের প্লে অফ সিরিজে এখন ১-১ সমতা। আগামী শনিবারের সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি রূপ নিয়েছে নকআউটে।

২০২১ সালের পর প্রথমবার এমএলএস কাপের প্লে-অফে জিতল ন্যাশভিলে। একইসঙ্গে ২০২৩ সালের ১৭ মে’র পর প্রথমবার তারা মায়ামিকে হারাল।

এদিন ম্যাচের ৬১ শতাংশ সময় বলের দখল রেখেও ফয়দা লুটতে পারেনি মায়ামি। তাদের ১০ শটের ৪টি ছিল লক্ষ্যে। বিপরীতে পাল্টা আক্রমণে ১০ শটের ৫টি লক্ষ্যে রাখে ন্যাশভিল।

ম্যাচের নবম মিনিটে পেনাল্টি পেয়ে সফল স্পটকিকে স্বাগতিকদের এগিয়ে নেন স্যাম সারিজ। বিরতির ঠিক আগে জশ বাউয়ারের গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা।

বিরতির পর ব্যবধান কমানোর সুবর্ণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি লুইস সুয়ারেস। বাম প্রান্ত থেকে জর্দি আলবার দারুণ ক্রসে সুয়ারেস প্লেসিং শট নেন গোলরক্ষক বরাবর।

দুই দলের তৃতীয় ম্যাচে জয়ী দল উঠবে শেষ চারে। ইস্টার্ন কনফারেন্সের সেই সেমিফাইনালের বিজয়ীরা প্রতিপক্ষ হিসেবে পাবে সিনসিনাতি ও কলম্বাস ক্রু’র লড়াইয়ে বিজয়ী দলের।