back to top

চট্টগ্রামসহ ৮ জেলায় ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

প্রকাশিত: ০৩ জুন, ২০২৫ ০৩:২৯

চট্টগ্রামসহ দেশের ৮ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস।

আজ মঙ্গলবার (৩ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এ কথা জানানো হয়েছে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী কয়েক দিন দেশের দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।