back to top

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মোটরসাইকেল: চালকের মৃত্যু

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৫ ১২:২২

চট্টগ্রামের লোহাগাড়ায় মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কালর্ভাটের নিচের খাদে পড়ে গেছে মোটরসাইকেল। এতে বাইক চালক সাকিবুল হাসান (২৪) নিহত হয়। এ ঘটনায় সোহাগ নামে অপর এক বাইক আরোহী আহত হয়েছেন।

রবিবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিবুল হাসান নাটোর জেলার সিংড়া উপজেলার পারসাথলী শেখ পাড়ার বাসিন্দা মো. আতাউর রহমানের ছেলে।

নিহত সাকিবুলের এক সফরসঙ্গী জানান, জনপ্রিয় কন্টেইন ক্রিয়েটর ফারজানা বিথীসহ ১৫ জন নারী-পুরুষ মিলে তিনদিন আগে রাজশাহী থেকে কক্সবাজার এসেছিল।

রবিবার সকালে কক্সবাজার থেকে ফেরার পথে লোহাগাড়ার চুনতির জাঙ্গালিয়া এলাকায় গতিরোধকে গাড়ি নিয়ন্ত্রণ করতে না পেরে সড়কের পাশে সেতুর নিচে খাদে পড়ে যায়।

এতে বাইক চালক সাকিবুল হাসান ও অপর আরোহী সোহাগ গুরুতর আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া ট্রমা সেন্টারের জরুরি বিভাগে থাকা চিকিৎসক ডা. ইজাজ আহমেদ শামীম বলেন, সড়ক দুর্ঘটনায় দু’জন বাইকারকে এখানে আনা হয়েছে। এরমধ্যে সাকিবুল হাসান নাম একজন হাসপাতালে আনার পথেই মৃত্যু হয়েছে।

গুরুতর আহত সোহাগ নামে একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত বাইকারের লাশ লোহাগাড়া ট্রমা সেন্টারে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।