চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নে চাঞ্চল্যকর স্কুলছাত্র শাহেদ ইসলাম হত্যা মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে পারুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার আসামি মো. জাহাঙ্গীর আলম (৪০) পারুয়া ইউনিয়নের পূর্ব সাহাব্দীনগর মহতপাড়া ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত আবদুল করিমের ছেলে।
অপরদিকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আহমদ উল্লাহ (৩৪) ও মো. আরিফ (২৫)কে।
মামলার বিবরণে জানা যায়, গত ৫ জানুয়ারি সকালে পারুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের একটি বিল থেকে স্কুলছাত্র মো. শাহেদ ইসলামের (১৭) গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
শাহেদ সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। নিখোঁজ হওয়ার রাতেই বাড়ির পাশের বিল থেকে তার মরদেহ উদ্ধার হয়।
নিহত শাহেদ তার বাবা মো. আব্দুল মোনাফের তিন সন্তানের মধ্যে দ্বিতীয়। তার এক ভাই ও দুই বোন রয়েছে।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন জানান, গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে মো. জাহাঙ্গীর আলমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এছাড়া অপর দুইজনকে সন্দেহভাজন হিসেবে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



