মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় ঢাকা–বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় ইজিবাইকের দুই যাত্রী ও সার্বিক পরিবহনের এক সহকারীসহ মোট ৬ জনের মৃত্যু হয়েছে।
আজ রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা প্রায় ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কে চলাচলরত একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যুর সংবাদ পাওয়া যায়।
নিহতদের মধ্যে একজন হলেন মাদারীপুর শহরের কলেজ রোড এলাকার বাসিন্দা পান্নু মুন্সী।
তিনি সার্বিক পরিবহনের সহকারী হিসেবে কর্মরত ছিলেন। অপর দুই নিহত ইজিবাইক যাত্রী এবং অন্য তিনজনেরও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা-কবলিত বাসটি উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।
দুর্ঘটনার পর সাময়িকভাবে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলেও ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় পরে যান চলাচল স্বাভাবিক করা হয়।



