চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরফরিদ এলাকায় চলন্ত অবস্থায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে মারা গেছেন চালক জিয়াউর হক জিসান (২৬)।
শনিবার (২৪ জানুয়ারি) রাত ১১টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত জিসান ওই উপজেলার শিকলবাহা ইউনিয়নের বাসিন্দা। তিনি মৃত মোহাম্মদ হোসেন ও পাকিজা বেগমের সন্তান।
স্থানীয়দের বরাতে কর্ণফুলী থানার ওসি শাহীনূর আলম জানান, ব্যাটারিচালিত রিকশা উল্টে সেটার নিচে চাপা পড়ে জিসানের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে আরো নিশ্চিত হওয়া যাবে।



