back to top

লোহাগাড়ায় ভুয়া এনআইডিসহ ৪৫ অবৈধ রোহিঙ্গা আটক

প্রকাশিত: ৩০ জানুয়ারি, ২০২৬ ১৮:০৮

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঠাকুরদীঘি ও উজিরভিটা এলাকা থেকে ৪৫ রোহিঙ্গাকে আটক করেছে যৌথবাহিনী।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১১টার দিকে ওই এলাকা থেকে রোহিঙ্গাদের আটক করা হয়।

একই সময় রোহিঙ্গাদের ভুয়া এনআইডি সরবরাহের অভিযোগে এক ব্যক্তির বাসায় তল্লাশি চালিয়ে একাধিক জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সিমকার্ড এবং এফসিএন কার্ডের ফটোকপি জব্দ করা হয়েছে।

জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লোহাগাড়া ও পুটিবিলা সেনাবাহিনী, উপজেলা প্রশাসন এবং থানা পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর একটি টিম পৃথক অভিযান চালিয়ে ৪৫ রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হয়।

তাদের মধ্যে ২২ জন পুরুষ, ৮ জন মহিলা এবং ১৫ জন শিশু রয়েছে।

লোহাগাড়া থানার ওসি আব্দুল জলিল বলেন, যৌথবাহিনীর অভিযানে আটক ৪৫ রোহিঙ্গাকে পুলিশি পাহারায় শরনার্থী ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।