নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে চট্টগ্রামসহ সারা দেশেই বিরাজমান উৎসবমুখর পরিবেশ। ভোটকে কেন্দ্র করে চট্টগ্রামসহ বড় শহরগুলো ছাড়তে শুরু করেছে সাধারণ মানুষ।
আজ মঙ্গলবার সকাল থেকেই চট্টগ্রামের নতুন রেলওয়ে স্টেশন, অলংকার মোড়, অক্সিজেন, কাপ্তাই রাস্তার মাথা, শাহ আমানত (নতুন ব্রিজ), বহদ্দারহাট ও কদমতলী এবং রাজধানী ঢাকার গাবতলী, সায়েদাবাদ, মহাখালী বাস টার্মিনাল এবং কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
বাসস্ট্যান্ডে দূরপাল্লার বাস ধরতে ঘরমুখো ভোটারদের ব্যতিব্যস্ত। কারো হাতে ব্যাগ, কারোবা মাথায় বস্তা। অনেকেই পরিবার নিয়ে অপেক্ষা করছেন বাসের জন্য। আবার দল বেঁধে পিকআপে, ট্রাকে বাড়ির পথে চলেছে মানুষ।
সরেজমিনে পরিদর্শণে দেখা যায়, ভোট দিতে ঈদের ছুটির মতোই গ্রামে ছুটছে মানুষ। এর সঙ্গে অভিযোগ উঠেছেন যাত্রীদের কাছ থেকে ভাড়া বেশি নেওয়ার।
আগামীকাল বুধবার শেষ কর্মদিবস হওয়ার কথা থাকলেও অনেকেই আগেভাগেই পরিবার নিয়ে রওনা দিয়েছেন। বাস টার্মিনালগুলোতে ঈদের সেই চিরচেনা দৃশ্য।
পরিবহণ সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাসের আগাম টিকিট প্রায় শেষ হয়ে গেছে এবং কাল বুধবার এই ভিড় আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
রেলওয়ে স্টেশনগুলোতে গিয়ে দেখা যায় টিকিটের জন্য দীর্ঘ সারি। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত অনেকেই দুই-তিন দিনের বাড়তি ছুটি নিয়ে পরিবারসহ গ্রামের পথে রওনা দিয়েছেন।
অনেক ভোটারই জানিয়েছেন যে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে উন্মুখ হয়ে আছেন। দীর্ঘ প্রতীক্ষার পর নিজের পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাওয়ায় যাতায়াতের এই বাড়তি কষ্টটুকুকে তারা আনন্দের সাথেই মেনে নিচ্ছেন।
কেবল বাস বা ট্রেন নয় বরং ব্যক্তিগত গাড়ি এবং নৌপথেও মানুষের ভিড় ক্রমান্বয়ে বাড়ছে। সড়কগুলোতেও শহর ছাড়ার গাড়ির বাড়তি চাপ লক্ষ্য করা গেছে। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সারা দেশে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কাল বুধবারই হচ্ছে শেষ কর্মদিবস। তবে বড় শহরগুলোতে বসবাসরত ভোটাররা কোনো ঝুঁকি নিতে চাচ্ছেন না এবং আগেভাগেই নিজ নিজ নির্বাচনি এলাকায় পৌঁছে যাচ্ছেন।
এই গণমুখী যাত্রা প্রমাণ করছে যে সাধারণ মানুষ এবারের নির্বাচনকে তাদের ভাগ্য পরিবর্তনের একটি বড় সুযোগ হিসেবে দেখছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও টার্মিনালগুলোতে নিরাপত্তা জোরদার করেছে যাতে ঘরমুখো মানুষ কোনো ভোগান্তি ছাড়াই গন্তব্যে পৌঁছাতে পারে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


