সমাজের সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মুখে ঈদের হাসি ফোটাতে স্বেচ্ছাসেবী সংগঠন নগরফুলের উদ্যোগে আয়োজন করা হয় “সবার আগে ঈদের সাজে সাজবে নগরফুল – ১২তম মৌসুম” শীর্ষক বিশেষ অনুষ্ঠান।
শুক্রবার (১৩ মার্চ) দুপুর আড়াইটার নগরীর সিআরবি রেলওয়ে বক্ষব্যাধি হাসপাতাল মাঠ সংলগ্ন এলাকায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। তিনি অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সিএমপি কমিশনার মহোদয় বলেন, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো একটি মানবিক ও মহৎ উদ্যোগ।
নগরফুল যে উদ্যোগ নিয়ে দীর্ঘদিন ধরে পথশিশুদের পাশে দাঁড়াচ্ছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তিনি এ ধরনের মানবিক কার্যক্রমে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।
এ সময় তিনি সমাজের বিত্তবান শ্রেণি, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সরকারকে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের কল্যাণে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।
তিনি বলেন, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগেই কেবল এই শিশুদের জন্য একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরফুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বায়েজিদ সুমন তিনি বলেন, ‘ঈদ আনন্দের উৎসব। কিন্তু সমাজের অনেক শিশুই দারিদ্র্য ও অবহেলার কারণে সেই আনন্দ থেকে বঞ্চিত হয়।
নগরফুল শুরু থেকেই চেষ্টা করছে সেই শিশুদের মুখে হাসি ফোটাতে। গত ১১ বছরের ধারাবাহিকতায় এবারও আমরা ১০০০ শিশুর মাঝে ঈদের নতুন পোশাক পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি।
দীর্ঘ ১১ বছর ধরে আমরা অনেক শিশুর জীবন পরিবর্তন করেছি ফুটপাত থেকে ইউনিভার্সিটিতে পড়ছে আমাদের নগরফুলেরা সকলের সহযোগিতা পেলে আমরা আরো পরিবর্তনে সক্ষম হবো।
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সচিব মো. আশরাফুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমাম হোসেন রানাসহ চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ইউনিসিফের সাবেক ডেবলপমেন্ট স্পেশালিষ্ট সায়েদ মিল্কি, লায়ন শওকত ইসলাম (সিনিয়র গভর্নর এডভাইজর,লায়ন জেলা ৩১৫-বি৪),লায়ন ওসমান গনি,(সাবেক সেক্রেটারি লায়ন জেলা ৩১৫-বি-৪), নগরফুলের স্বেচ্ছাসেবকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অসংখ্য সুবিধাবঞ্চিত ও পথশিশু উপস্থিত ছিল।



