back to top

দোহাজারীতে প্রতিবেশীর ছুরিকাঘাতে নিহত ১

প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬ ১০:৪৫

চট্টগ্রামের দোহাজারী পৌরসভার দিয়ারকূল এলাকায় ছুরিকাঘাতে’ এক ব্যক্তির মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ‘কথা কাটাকাটির জেরে সালাউদ্দিনকে ছুরিকাঘাত করা হয়। শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

নিহত সালাউদ্দিন (৪২) কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা হলেও তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দিয়ারকূল খান সামানপাড়ায় বসবাস করতেন বলে জানা গেছে।

চন্দনাইশ থানার ওসি মো. ইলিয়াস খান বলেন, খান সামানপাড়া এলাকায় ইদ্রিসের বাড়ির সামনে কথা কাটাকাটির জেরে সালাউদ্দিনকে ছুরিকাঘাত করেন ইদ্রিসের চাচাতো ভাই হানিফ।

“সালাউদ্দিনকে প্রথমে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।”

ওসি বলেন, হানিফ ও সালাউদ্দিন দুই প্রতিবেশী। ঠুনকো বিষয় নিয়ে দুজনের মধ্যে প্রায়ই কথা কাটাকাটি হতো।

এর জেরে শুক্রবারও তাদের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এক পর্যায়ে হানিফ তাকে ছুরিকাঘাত করে।

এ ঘটনায় হানিফের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন নিহতের স্ত্রী। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি