back to top

জ্বালানি সংকট ও চোরাচালান রোধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬ ১৪:৪৩

জাতীয় ডেস্ক : দেশে পর্যাপ্ত জ্বালানি তেল মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট ও চোরাচালানের অভিযোগের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পাশাপাশি নিজ নিজ এলাকায় পরিস্থিতি নজরদারিতে রাখতে সংসদ সদস্যদেরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার বিকেলে সংসদ ভবনে সরকার দলীয় সংসদীয় কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান চিফ হুইপ নুরুল ইসলাম।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও দেশীয় বাজার স্থিতিশীল রাখতে সরকার প্রতি মাসে প্রায় ২০০ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে।

তবুও কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি ও সীমান্ত দিয়ে তেল পাচারের চেষ্টা চালাচ্ছে—যা প্রতিরোধে চিরুনি অভিযানসহ কড়া পদক্ষেপ নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে।

চিফ হুইপ আরও জানান, জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। ইতোমধ্যে ২ লাখ মেট্রিক টন তেলবাহী জাহাজ বন্দরে ভিড়েছে, আরও সমপরিমাণ তেল আসছে শিগগিরই।

তিনি বলেন, এবারই প্রথম প্রধানমন্ত্রী সরাসরি মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন সংসদ সদস্যদের বিস্তারিত তথ্য দিয়ে অবহিত করতে, যাতে তারা নিজ নিজ এলাকায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন।

আগামী মাস থেকে নিয়মিত এ ধরনের ব্রিফিং করা হবে।

এ ছাড়া সংসদ সদস্যদের জেলা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করতে বলা হয়েছে, যেন কেউ অপ্রয়োজনে তেল মজুত করতে না পারে এবং বাজারে অতিরিক্ত দাম না বাড়ে।

আগামীকাল সংসদ অধিবেশনে জ্বালানি মন্ত্রী ৩০০ বিধিতে এ বিষয়ে বিস্তারিত বক্তব্য দেবেন।

সংসদীয় কমিটি গঠন, সংরক্ষিত নারী আসন ও সংশ্লিষ্ট বিল নিয়ে আলোচনা দ্রুত এগোচ্ছে বলেও জানান চিফ হুইপ।

বৈঠকের শুরুতে স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে শোক প্রকাশ ও দোয়া করা হয় এবং সাম্প্রতিক সড়ক ও রেল দুর্ঘটনা প্রতিরোধে গৃহীত পদক্ষেপ নিয়েও আলোচনা হয়।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি