back to top

আবুধাবি থেকে আসা দুই যাত্রীর লাগেজে ১৩ লাখ টাকার পণ্য জব্দ

প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬ ০৬:৫৫

সিটিজি নিউজ টুডে : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্য থেকে আসা দুই বিমানযাত্রীর ব্যাগ থেকে ৬৩০ কার্টন সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

এ সময় তাদের কাছ থেকে পাঁচটি স্মার্টফোনও উদ্ধার করা হয়।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল জানান, মঙ্গলবার রাতে আবুধাবি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৮ ফ্লাইটে ওই দুই যাত্রী চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেন।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস ও কাস্টমস ইন্টেলিজেন্স দলের সদস্যরা ওই দুই যাত্রীর ব্যাগ তল্লাশি করেন।

তল্লাশিতে তাদের ব্যাগে ৬৩০ কার্টন মন্ড সিগারেট ও পাঁচটি স্মার্টফোন পাওয়া যায়।

ইব্রাহীম খলিল আরও জানান, জব্দ করা সিগারেট ও মোবাইল ফোনের মোট মূল্য প্রায় সাড়ে ১৩ লাখ টাকা। এ ঘটনায় দুই যাত্রীকে সতর্ক করা হয়েছে বলেও তিনি জানান।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি