সিটিজি নিউজ টুডে : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক বিমানযাত্রীর ব্যাগেজ থেকে ৩১৫ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে।
গোপন সোর্সের তথ্য পেয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে এয়ার আরাবিয়ার একটি ফ্লাইটে আসা যাত্রী নওগাঁ জেলার রানীনগরের বাসিন্দা মো. রাকিবুল ইসলামের ব্যাগেজ তল্লাশী করে এসব সিগারেট জব্দ করা হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, এনএসআই টিম, কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস শাখার যৌথ অভিযানে জব্দ করা সিগারেটের বিপরীতে আনুমানিক ৬ লাখ ৩০ হাজার টাকা রাজস্ব নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন
বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্যমতে, আটকের পর প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে মৌখিকভাবে সতর্ক করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। জব্দ করা সিগারেটের চালানটি বর্তমানে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ প্রতিরোধ এবং সরকারি রাজস্ব ফাঁকি রোধে এনএসআই, কাস্টমস ও অন্যান্য সংস্থার নজরদারি জোরদার করা হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


