back to top

এলপি গ্যাসের দাম ২১২ টাকা বাড়িয়ে নতুন সিদ্ধান্ত বিইআরসির

প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬ ১৩:৩৭

অর্থনীতি ডেস্ক : মাত্র ১৭ দিনের ব্যবধানে আবারও বাড়ানো হয়েছে ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের (এলপিজি) দাম।

নতুন নির্ধারিত দামে ১২ কেজি সিলিন্ডারের মূল্য ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা থেকেই নতুন এই মূল্য কার্যকর হয়েছে।

বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ মূল্যবৃদ্ধির ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সংস্থাটি জানায়, আন্তর্জাতিক বাজারদর ও আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখেই নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে।

এর আগে চলতি মাসের ২ এপ্রিল সর্বশেষ এলপি গ্যাসের দাম সমন্বয় করা হয়। তখন ১২ কেজি সিলিন্ডারের মূল্য নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৭২৮ টাকা।

মাত্র অল্প সময়ের ব্যবধানে আবারও দাম বাড়ায় ভোক্তাদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশেষ করে যেসব পরিবার রান্নার জন্য পুরোপুরি এলপিজির ওপর নির্ভরশীল, তাদের দৈনন্দিন ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়বে।

বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য ওঠানামার কারণে দেশের বাজারেও এর প্রভাব পড়ছে। তবে ঘন ঘন মূল্যবৃদ্ধিতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জীবনযাত্রার ব্যয় ক্রমেই বাড়ছে।

শহরাঞ্চলের পাশাপাশি গ্রামাঞ্চলেও এলপিজি ব্যবহারকারীদের খরচ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

অনেকেই পরিস্থিতি মোকাবিলায় বিকল্প জ্বালানির দিকে ঝুঁকতে পারেন বলেও ধারণা করছেন সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি