back to top

চট্টগ্রাম ভাসছে না, আংশিক জলাবদ্ধতা: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৬ ১৬:১৮
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, চট্টগ্রাম নগরী পানির ওপর ভাসছে—এমন ধারণা সঠিক নয়।
শুষ্ক মৌসুমে নগরী যেমন থাকে, বর্তমানে পরিস্থিতিও প্রায় তেমনই রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় প্রবর্তক মোড় এলাকার জলাবদ্ধতা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, প্রবর্তক মোড়ে খাল নির্মাণ কাজ চলমান থাকায় সাময়িকভাবে কিছু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল, তবে ইতোমধ্যে পানি নিষ্কাশন করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (২৮ এপ্রিল) কয়েক ঘণ্টার টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামের পুরনো জলাবদ্ধতা-প্রবণ এলাকাগুলোর পাশাপাশি নতুন নতুন এলাকাও প্লাবিত হয়। বিশেষ করে প্রবর্তক মোড় ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা ছিল সবচেয়ে বেশি।

বুধবারও বৃষ্টির মধ্যে দুপুরের পর একই এলাকায় আবারও জলাবদ্ধতা দেখা দেয়।

উল্লেখ্য, এর আগের দিন সোমবারেও প্রবর্তক মোড়ে জলাবদ্ধতার ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই বারবার একই এলাকায় পানি জমে যাওয়ায় ভোগান্তি বাড়ছে।

তবে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, চলমান উন্নয়ন কাজের কারণে সাময়িক এ পরিস্থিতি তৈরি হলেও দ্রুতই তা স্থায়ীভাবে সমাধান করা হবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি