চট্টগ্রামের স্বনামধন্য আইন শিক্ষা প্রতিষ্ঠান লিগ্যাল হোমের উদ্যোগে সদ্য তালিকাভুক্ত আইনজীবীদের সম্মানে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (২ মে) সকালে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে (টিআইসি) আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ৩০০ নবীন আইনজীবীকে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট আশরাফ হোসাইন রাজ্জাক।
বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান আলী চৌধুরী।
তাঁরা নবীন আইনজীবীদের সততা, নিষ্ঠা ও পেশাগত দায়িত্ববোধের সঙ্গে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম আইন কলেজের অধ্যাপক অ্যাডভোকেট তৈয়ব কিরণ এবং উপাধ্যক্ষ অ্যাডভোকেট বদরুল হুদা মামুন।
বক্তারা বলেন, লিগ্যাল হোমের সঠিক পাঠদান, নিয়মিত মডেল টেস্ট ও নিবিড় তত্ত্বাবধানের ফলেই এবার ১ হাজার ৫০০–এর বেশি শিক্ষার্থী আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার গৌরব অর্জন করেছেন।
সংবর্ধিত নবীন আইনজীবীরা তাঁদের সাফল্যের পেছনে লিগ্যাল হোমের সঠিক দিকনির্দেশনা এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে অতিথিরা নবীন আইনজীবীদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন।
জ্যেষ্ঠ ও নবীন আইনজীবীদের সরব উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়।
শেষে লিগ্যাল হোম পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



