সিটিজি নিউজ টুডে : চট্টগ্রামের আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি দেব (২৫) গ্রেপ্তার হয়েছেন।
র্যাব-৭ জানায়, বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে নগরের কোতোয়ালী থানার বলুয়ার দিঘী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (৩ এপ্রিল) র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব সূত্র জানায়, ২০২৪ সালের ২৫ নভেম্বর চিন্ময় দাস নামের এক ধর্মীয় নেতাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পরদিন তাঁকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ সময় তাঁর অনুসারীরা আদালত চত্বরে বিক্ষোভ ও ভাঙচুর চালায় এবং কারাগারে নেওয়ার পথে বাধা দেয়।
বিক্ষোভের একপর্যায়ে নগরের রঙ্গম কনভেনশন সেন্টার এলাকার সামনে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কোতোয়ালী থানায় ৩১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-৭ জানায়, আলোচিত এ হত্যাকাণ্ডের পর থেকেই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার পলাতক আসামি দেব কোতোয়ালী এলাকায় অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


