back to top

মুখমণ্ডল বিকৃত, মাথা থেঁতলে গেছে-নারীর মরদেহটি মিলল ইউএসটিসি ক্যাম্পাসে!

প্রকাশিত: ২৪ মে, ২০২৬ ০৬:২২

চট্টগ্রাম নগরের খুলশীর নিস্তব্ধ রাত। চারপাশে তখন থমথমে পরিবেশ। হঠাৎই বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং’ (ইউএসটিসি) ক্যাম্পাস প্রাঙ্গণে পড়ে থাকতে দেখা যায় এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ।

মাথা থেঁতলে গেছে, খুলির একটি অংশ আলাদা হয়ে পড়ে ছিল পাশে। ভয়াবহ আঘাতে মুখমণ্ডল এতটাই বিকৃত হয়ে যায় যে, তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করাও সম্ভব হয়নি।

বিভীষিকাময় এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের লোকজন ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা।

শনিবার (২৩ মে) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে খুলশী থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওপর থেকে পড়ে গিয়ে ওই নারীর মৃত্যু হয়েছে।

তবে এটি নিছক দুর্ঘটনা, আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে—সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সংশ্লিষ্টদের মনে।

পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহ উদ্ধারের সময় নারীর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়।

বিশেষ করে মাথায় ভয়াবহ আঘাতের কারণে খুলি বিচ্ছিন্ন হয়ে যায়। মুখমণ্ডল বিকৃত থাকায় তাঁর পরিচয় শনাক্তে বেগ পেতে হচ্ছে তদন্তসংশ্লিষ্টদের। নিহত ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, নিহত নারীর পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কাজ করছে।

ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, ইউএসটিসি ক্যাম্পাসে একটি মেডিকেল কলেজ, বেসরকারি হাসপাতাল এবং দেশি-বিদেশি ছাত্রীদের থাকার জন্য পরিচিত আবাসিক হল রয়েছে।

গভীর রাতে ক্যাম্পাসের ভেতরে এমন ভয়াবহ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি