চট্টগ্রামের ইপিজেড থানার বিশেষ অভিযানে ১১ মামলার আসামি ও চিহ্নিত ছিনতাইকারী নুরুল ইসলাম ওরফে ‘জাম্বু’ (৩৫) গ্রেপ্তার হয়েছেন।
গত শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ইপিজেড থানাধীন নিউমুরিং তক্তারপুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
আজ সোমবার সকালে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাঁকে আটক করা হয়। তিনি ইপিজেড থানার একটি চুরির মামলার পলাতক আসামি ছিলেন।
গ্রেপ্তার হওয়া নুরুল ইসলামের বাড়ি বন্দর থানার ৩৮ নম্বর ওয়ার্ডের পুরাতন ডাকঘর এলাকার কুড়িপুকুরপাড়ে।
তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানায় ছিনতাই, চুরি ও অন্যান্য অভিযোগে মোট ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযানটি পরিচালিত হয় উপ-পুলিশ কমিশনার (বন্দর) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর)-এর নির্দেশনায়।
এতে নেতৃত্ব দেন সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) মাজহারুল ইসলাম এবং ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান, বিপিএম।
অভিযানে অংশ নেন এসআই মোহাম্মদ শাহীন মিয়া ও সঙ্গীয় ফোর্স।
ইপিজেড থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান বলেন, “মহানগর এলাকায় ছিনতাই, চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশের অভিযান চলমান রয়েছে।
পলাতক আসামি ও চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”
গ্রেপ্তার হওয়া আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



